কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও ।
তারি রথ নিত্যই উধাও
জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন ,
চক্রে-পিষ্ট আঁধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন ।
ওগো বন্ধু , সেই ধাবমান কাল
জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল —
তুলে নিল দ্রুতরথে
দুঃসাহসী ভ্রমণের পথে
তোমা হতে বহুদূরে ।
মনে হয় অজস্র মৃত্যুরে
পার হয়ে আসিলাম
আজি নবপ্রভাতের শিখরচূড়ায় ,
রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়
আমার পুরানো নাম ।
ফিরিবার পথ নাহি ;
দূর হতে যদি দেখ চাহি
পারিবে না চিনিতে আমায় ।
হে বন্ধু , বিদায় ।